Homeজাতীয়নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

এক থানার নাম পরিবর্তন, দুই উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি:

দেশে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি নবগঠিত উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

অনুমোদন অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানা বিভক্ত করে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলীতে ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। বগুড়ার শিবগঞ্জ থানা বিভক্ত করে নবগঠিত মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ প্রতিষ্ঠারও সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া বগুড়ার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা’ এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার সিদ্ধান্ত হয়েছে।

অন্যদিকে, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের উত্তর চন্দ্রপুর ও হাজিরপাড়া মৌজায় স্থাপন করা হবে। কুমিল্লার নবগঠিত বাঙ্গরা উপজেলার সদর দপ্তর খামারগ্রাম থেকে সরিয়ে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের দক্ষিণ বাঙ্গরা মৌজায় নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। পৌরসভা গঠন এবং উপজেলা সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments