Homeবিবিধটপ ফাইভকৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারিই, তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেই

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারিই, তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেই

ইউজিসির বিজ্ঞপ্তিতে ফেব্রুয়ারির কথা, ভিসি বলছেন আপাতত নির্ধারিত সূচিতেই পরীক্ষা

শেকৃবি প্রতিনিধি:

কৃষি গুচ্ছভুক্ত দেশের নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ জানুয়ারি আয়োজনের সিদ্ধান্তে আপাতত অটল রয়েছে কর্তৃপক্ষ। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারি থেকে আয়োজনের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ইউজিসিতে কৃষি গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ভর্তি কার্যক্রম জানুয়ারি থেকে শুরু এবং পরীক্ষা ফেব্রুয়ারি থেকে আয়োজনের পরিকল্পনার কথা জানানো হয়। সভা শেষে ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

তবে পরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) কৃষি গুচ্ছের উপাচার্যদের আরেকটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পরীক্ষা আয়োজন ও সমন্বয়ের দায়িত্বে থাকা শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠান তাদের পরীক্ষার তারিখ পরিবর্তন করেনি। তাই আপাতত কৃষি গুচ্ছের পরীক্ষার তারিখও পরিবর্তন হচ্ছে না। পরীক্ষা আগামী ২ জানুয়ারিই অনুষ্ঠিত হবে। তবে সরকারিভাবে কোনো নির্দেশনা এলে তারিখ পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হবে।

উপাচার্য জানান, এবার ভর্তি পরীক্ষা নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়েই অনুষ্ঠিত হবে। আবেদনকারীরা পছন্দ অনুযায়ী পরীক্ষার কেন্দ্র নির্বাচন করতে পারবেন।

ভর্তির যোগ্যতায়ও কিছুটা ছাড় দেওয়া হয়েছে। আগে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে পৃথকভাবে ন্যূনতম জিপিএ-৪ এবং মোট জিপিএ-৮.৫ প্রয়োজন হতো। এবার চতুর্থ বিষয়সহ উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ-৪ এবং মোট জিপিএ-৮ নির্ধারণ করা হয়েছে।

কৃষি গুচ্ছের আওতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে সমন্বিতভাবে শিক্ষার্থী ভর্তি করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments