নিজস্ব প্রতিনিধি:
দেশে অস্থিরতা সৃষ্টি কিংবা নাশকতার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে। দেশের অভ্যন্তরে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হতে দেওয়া হবে না।
শনিবার সকালে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান মন্ত্রী।
পরিদর্শনকালে তিনি চিকিৎসাধীন পুলিশ সদস্যদের শয্যাপাশে গিয়ে তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন। আহতদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে আহত সদস্যদের সাহসিকতা ও দায়িত্ববোধের প্রশংসা করে তাঁদের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করার ঘোষণা দেন।
সাংবাদিকদের মন্ত্রী জানান, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাঁদের কারও মাথায় আঘাত রয়েছে, আবার কারও হাড় ভেঙেছে। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে কয়েকজনকে দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা নিতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারত্ব ও ধৈর্যের প্রশংসা করে তিনি বলেন, চাকরিতে যোগদানের সময় সদস্যরা প্রয়োজনে প্রাণের বিনিময়ে জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার শপথ নেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় নিজেদের গুরুতর আহত হওয়ার পরও তাঁরা ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ভূমিকা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সাধারণ শ্রমিকেরা মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন এবং সন্তুষ্ট ও সুশৃঙ্খল রয়েছেন। তবে শ্রমিক পরিচয় ব্যবহার করে কিছু ব্যক্তি এবং সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া ব্যক্তিরা দেশের কয়েকটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এসব অপচেষ্টা সফল হবে না। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।
সীমান্ত পরিস্থিতি এবং প্রতিবেশী দেশের কয়েকজন ব্যক্তির বাংলাদেশবিষয়ক মন্তব্য নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তের ওপারে কে কী করছে, সেটি দেখার বিষয় নয়। তবে দেশের অভ্যন্তরে বা সীমান্তের এপারে কাউকে কোনো অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। অন্য দেশের কোনো ব্যক্তির অপ্রাসঙ্গিক ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
হাসপাতাল পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের যথাযথ ক্যারিয়ার পরিকল্পনার নির্দেশ দেন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও চিকিৎসাসেবার মান বাড়াতে চলমান প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। পুলিশ সদস্যদের চিকিৎসার বড় একটি অংশ আঘাতজনিত হওয়ায় হাসপাতালের অর্থোপেডিকস বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়ানো এবং এ বিষয়ে বিশেষায়িত সেবা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।
হাসপাতাল কর্তৃপক্ষ অর্থোপেডিকসের পাশাপাশি নিউরোমেডিসিন বিশেষজ্ঞ নিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরলে মন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। এ ছাড়া হাসপাতালে ক্যানসার ইউনিট বা শাখা চালুর বিষয়েও ইতিবাচক মত দেন। এ সময় হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিম চিকিৎসা কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সহিংসতায় আহত আট পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ছয়জন গোপালগঞ্জে, একজন গাজীপুর সদরে এবং একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত। চিকিৎসাধীন সদস্যরা হলেন—দেবব্রত কুমার বিশ্বাস, মো. রুহুল্লাহ, মো. হাসিব, ফরিদ আহমেদ, মঞ্জুরুল ইসলাম, হযরত বেলাল, মো. আবু আলম (ইন্সপেক্টর) ও মো. রাকিবুল ইসলাম।



