নিজস্ব প্রতিনিধি
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে বিশেষ কোটায় (এসকিউ) অনলাইনে আবেদন করা শিক্ষার্থীদের নিশ্চায়ন ও অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কলেজগুলোকে সময়সীমা বেঁধে দিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
নির্দেশনা অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৯টার মধ্যে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে বিশেষ কোটায় আবেদন করা শিক্ষার্থীদের নিশ্চায়ন সম্পন্ন করতে হবে।
এ বিষয়ে গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, কলেজ কর্তৃপক্ষকে একাদশ শ্রেণির ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে কলেজের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে বিশেষ কোটায় আবেদন করা শিক্ষার্থীদের আবেদন নিশ্চায়ন বা অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এ ক্ষেত্রে ভর্তি ওয়েবসাইটে দেওয়া ‘ইউজার গাইড ফর ইনস্টিটিউশন’ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে কোনো কলেজ বিশেষ কোটায় আবেদন করা শিক্ষার্থীদের নিশ্চায়ন বা অনুমোদন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে এ কারণে কোনো জটিলতা সৃষ্টি হলে তার দায় সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষ নেবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।


