Homeবিবিধটপ ফাইভঢাবি অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত

ঢাবি অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত

ঢাবি প্রতিনিধি:

জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অধ্যাপক জিনাত হুদার বিরুদ্ধে একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

অধ্যাপক জিনাত হুদার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য, আন্দোলনের বিরোধিতা এবং তৎকালীন সরকারের প্রতি সমর্থন জানানোর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে গত বছরের মার্চে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

সাদা দলের বিবৃতিতে অভিযোগ করা হয়েছিল, জিনাত হুদা বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন এবং শিক্ষক সমিতির প্রতিনিধি হিসেবে গণভবনে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন। সংগঠনটি তার বিরুদ্ধে তদন্ত ও বিচারের দাবি জানায়।

অধ্যাপক জিনাত হুদা এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, রোকেয়া হলের প্রাধ্যক্ষ এবং সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সিনেটের নির্বাচিত সদস্যও ছিলেন।

এ ছাড়া তিনি আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্বে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ট্রাইব্যুনালের তদন্ত শেষ হওয়ার পর অধ্যাপক জিনাত হুদার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments