Homeবিবিধটপ ফাইভঢাকা উত্তর বিএনপির তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা

ঢাকা উত্তর বিএনপির তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা

বিশেষ প্রতিনিধি:

ঢাকা মহানগর উত্তর বিএনপির তিনটি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর পক্ষ থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিলুপ্ত কমিটিগুলোর মধ্যে রয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি, ঢাকা মহানগর উত্তর যুবদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল।

বিএনপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক আমিনুল ইসলাম ও সদস্যসচিব মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে। অতি শিগগির নতুন কমিটি ঘোষণা করা হবে। তবে কমিটি বিলুপ্তির কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

একই বিজ্ঞপ্তিতে অনৈতিক কার্যকলাপসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর উত্তর-শাহআলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুভ্রকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।

এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানার ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনকেও দল থেকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধেও অনৈতিক কার্যকলাপ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তরের দায়িত্বে থাকা মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পশ্চিম শাখার কমিটি বিলুপ্তির কথা জানানো হয়। মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ছাত্রদলের পৃথক বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে পাঁচ নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়েছে। তারা হলেন—ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহসভাপতি সারোয়ার আলম পিয়াস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহ, দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপু, সদস্যসচিব ওমর নাঈম এবং ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব শান্ত রহমান।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কমিটি বিলুপ্তি ও বহিষ্কারের এসব সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments