নিজস্ব প্রতিনিধি:
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে মন্তব্য সংবলিত একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমানকে তিন মাসের ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজ।
গত ৫ অক্টোবর থেকে তাঁর ছুটি কার্যকর হয়েছে। এ সময়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিককে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে।
একটি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেককে জানানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মেহেদী হাসান খান তাঁর কার্যালয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনকে ডেকে পাঠান।
সেখানে তাঁকে জানানো হয়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে উপাচার্য অধ্যাপক শামস রহমানের কয়েকটি মন্তব্যসংবলিত একটি ভিডিও প্রচারিত হয়েছে। এসব মন্তব্যে সরকার ও সাবেক সরকারপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, ইউজিসির পরিচালক জেসমিন পারভীনের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় কমিশনের সদস্য উপাচার্যকে অবিলম্বে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার মৌখিক নির্দেশ দেন।
এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজ জরুরি সভা করে অধ্যাপক শামস রহমানকে তিন মাসের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়।
তবে এ বিষয়ে অধ্যাপক শামস রহমানের বক্তব্য কিংবা তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাঁর কোনো প্রতিক্রিয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।



