নিজস্ব প্রতিনিধি:
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
অন্য তিন আসামি হলেন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একটি বাংলা ও একটি ইংরেজি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় এ বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা করবে।
মামলাটিতে মোট আসামি আটজন। তাঁদের মধ্যে সাবেক সুপ্রিম কোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
বাকি পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ জানাতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়েছে।
মামলাটির পরবর্তী শুনানির জন্য আগামী ১২ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।



