নিজস্ব প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে। তবে ১৭ অক্টোবর শনিবার ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। রোববার বাংলাদেশ ব্যাংকের সুপারভিশন ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
সার্কুলার অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের ভিত্তিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। এ কারণে ওই তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার পোর্ট ও কাস্টমস অঞ্চলে অবস্থিত ব্যাংকের শাখা ও উপশাখাগুলো সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বহাল থাকবে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, দুর্গাপূজার ছুটির দিনগুলোতেও এসব শাখা ও উপশাখায় আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে হবে। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ব্যাংকিং সেবা গ্রহণকারীদের ছুটির বিষয়টি বিবেচনায় রেখে প্রয়োজনীয় লেনদেন আগেই সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।



