নিজস্ব প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্যের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে গত শনিবার (১০ অক্টোবর) এ অভিযান পরিচালিত হয়।
রোববার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাইশারী ইউনিয়নের আনসার সহকারী প্লাটুন কমান্ডার আবুল বশর এলাকায় মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের তথ্য পেয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলচালক সেটি ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা মোটরসাইকেলটি ডিসকভার ১২৫ সিসি মডেলের। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, মাদক পাচার প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সতর্কতার সঙ্গে কাজ করছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধেও তাঁরা সহযোগিতা করছেন।
তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না এবং উদ্ধার করা মাদক ও মোটরসাইকেলের বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ কী নেওয়া হয়েছে, তা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।



