নিজস্ব প্রতিনিধি:
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অতিরিক্ত দাম আদায়, মূল্য কারসাজি ও সরবরাহে অনিয়ম প্রতিরোধে দেশব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১২ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের ৪২ জেলায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১২০টি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৮ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অধিদপ্তরের ৫৬টি দল একযোগে বিভিন্ন এলাকার পাইকারি ও খুচরা বাজারে এ অভিযান পরিচালনা করে। ফল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের ন্যায্যমূল্যে পণ্য কেনার সুযোগ নিশ্চিত করাই ছিল এ কার্যক্রমের উদ্দেশ্য।
অভিযানকালে ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের বিক্রয়মূল্য, ক্রয়-বিক্রয়ের ভাউচার, মূল্যতালিকা প্রদর্শন এবং ওজন ও পরিমাপের যথার্থতা যাচাই করা হয়। পাশাপাশি অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত দাম আদায় এবং পণ্যের কৃত্রিম সংকট তৈরির মতো অনিয়মের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
ফলের বাজারে পণ্যের মান ও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পচা বা নষ্ট ফল ভালো ফলের সঙ্গে মিশিয়ে বিক্রি এবং ফলে ক্ষতিকর রাসায়নিক বা অননুমোদিত পদার্থ ব্যবহারের বিরুদ্ধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একই সঙ্গে ফলের মান বজায় রাখা এবং যৌক্তিক মূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
অধিদপ্তর জানিয়েছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুদ কিংবা পণ্যের স্বাভাবিক সরবরাহে বাধা দেওয়া যাবে না। ব্যবসাপ্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে হবে।
এদিকে, পণ্য কেনার ক্ষেত্রে ভোক্তাদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। কেনাকাটার আগে মূল্যতালিকা যাচাই, সঠিক ওজন বুঝে নেওয়া এবং মোড়কজাত পণ্যের সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ পরীক্ষা করার আহ্বান জানানো হয়েছে। কেনাকাটার রশিদও সংরক্ষণ করতে বলা হয়েছে।
অতিরিক্ত মূল্য আদায়, ওজনে কারচুপি, ভেজাল কিংবা অন্য কোনো প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানাতে পারবেন ভোক্তারা।
অধিদপ্তর জানিয়েছে, নিত্যপণ্যের বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখা, অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে দেশব্যাপী তদারকি ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।



