জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমদ, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুর রহমান এবং পরিচালক (ছাত্রকল্যাণ) হিসেবে মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েল নিয়োগ পেয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ নিয়োগের তথ্য জানানো হয়। বুধবার (২৮ অক্টোবর) থেকে তাঁদের নিয়োগ কার্যকর হবে। সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রত্যেককে পরবর্তী দুই বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি অনুসারে অধ্যাপক ড. নাছির আহমদকে প্রক্টর এবং ১৪(১) বিধি অনুসারে অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েলকে পরিচালক (ছাত্রকল্যাণ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অধ্যাপক ড. আনিসুর রহমানকেও দুই বছরের জন্য জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
নতুন দায়িত্ব প্রসঙ্গে অধ্যাপক নাছির আহমদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা সবার সম্মিলিত দায়িত্ব। সবাইকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনা করতে চান তিনি। এ দায়িত্বকে জটিল উল্লেখ করে তিনি বলেন, সবার সহযোগিতা ছাড়া তা পালন করা সম্ভব নয়।
অন্যদিকে, অধ্যাপক আনিসুর রহমান তাঁর প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আস্থা ও বিশ্বাসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে ইতিবাচক অবদান রাখতে চান বলেও জানান তিনি।
অধ্যাপক মাহাদি হাসান জুয়েলের নতুন দায়িত্ব গ্রহণের বিষয়ে তার সঙ্গে এই প্রতিনিধি যোগাযোগ করতে পারেন নি।



