গাজীপুর প্রতিনিধি:
টানা কয়েক সপ্তাহের বিক্ষোভ ও অস্থিরতার পর গাজীপুর শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা। শনিবার সকাল ৮টা থেকে বিভিন্ন এলাকার শ্রমিকেরা দলে দলে কর্মস্থলে যোগ দেন। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা এখনো চালু হয়নি।
শ্রমিকদের কাজে ফেরার পর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। সকাল ১০টা পর্যন্ত জেলার কোথাও অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।
বেতন বাড়ানোর দাবিতে গত ২৭ অক্টোবর কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার একটি পোশাক কারখানায় কর্মবিরতি শুরু করেন শ্রমিকেরা। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন এবং সড়কে বাঁশ-কাঠে আগুন জ্বালান। পরে আন্দোলন বিভিন্ন আঞ্চলিক সড়ক ও মহাসড়কে ছড়িয়ে পড়ে। পল্লী বিদ্যুৎ মোড়, সফিপুর ও কোনাবাড়িসহ কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়। পরে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকাতেও আন্দোলন ছড়িয়ে পড়ে।
এ সময় শ্রমিকেরা সড়ক-মহাসড়ক অবরোধ করেন, বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য করেন এবং কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। সর্বশেষ দেড় সপ্তাহ আগে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলায় সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি সামাল দিতে ১ নভেম্বর মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে সরকার একটি মজুরি বোর্ড গঠন করে। পরে ২৪ নভেম্বর বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। তবে মজুরি বোর্ডের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শ্রমিকদের একাংশ আন্দোলন অব্যাহত রাখেন। এর পরিপ্রেক্ষিতে কয়েকটি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়।
বিক্ষোভ, সংঘর্ষ, মজুরি বৃদ্ধির ঘোষণা ও ছুটি শেষে শনিবার সকালে শ্রমিকেরা কাজে ফেরেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ি, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, রাজেন্দ্রপুর, বাংলাবাজার, ভবানীপুর, হোতাপাড়া, মেম্বারবাড়ি, বাঘের বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি, শিরিরচালা ও বেড়াইদেরচালা এলাকায় শ্রমিকদের কর্মস্থলে যোগ দিতে দেখা যায়।
শ্রমিকেরা জানান, দীর্ঘদিনের বিক্ষোভে শিল্পাঞ্চলের উৎপাদন ব্যাহত হয়েছে। এখন তাঁরা কাজে মনোযোগ দিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন।
শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৭ প্লাটুন বিজিবি, শিল্প পুলিশ, জেলা পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। সকাল থেকেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তাঁদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শনিবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন এবং এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ৩৫টি কারখানা ছাড়া অন্য কারখানাগুলো উৎপাদনে ফিরেছে।



