Homeঅর্থনীতিকৃত্রিম অঙ্গের পাশাপাশি প্রশিক্ষণ ও ব্যবসায় সহায়তা দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

কৃত্রিম অঙ্গের পাশাপাশি প্রশিক্ষণ ও ব্যবসায় সহায়তা দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেট প্রতিনিধি:

সিলেট সদর উপজেলার অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ দেওয়ার পাশাপাশি তাঁদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তার আশ্বাস দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, আগ্রহীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা এবং ভালো ব্যবসায়িক পরিকল্পনা থাকলে ক্ষুদ্র পুঁজির জন্য সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের জন্য আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কেএএফসিও) করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এ অনুদান দেওয়া হয়।

মন্ত্রী জানান, খাদিমনগর এলাকার তরুণ সাইদুল প্রথমে কৃত্রিম অঙ্গ প্রয়োজন এমন ব্যক্তিদের একটি তালিকা তাঁর কাছে দেন। পরে শিল্প মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আলোচনার পর কেএএফসিওর সিএসআর কর্মসূচির আওতায় উদ্যোগটি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।

অনুদান ছাড়ের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, সরবরাহকারী প্রতিষ্ঠান উপকারভোগীদের প্রয়োজন অনুযায়ী কৃত্রিম অঙ্গ তৈরি করবে। উপকারভোগীরা সেগুলো বুঝে পাওয়ার পর প্রতিষ্ঠানের অনুকূলে অনুদানের অর্থ ছাড় করা হবে। পরবর্তী সময়ে সেবা বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন হলেও প্রতিষ্ঠানটি তা নিশ্চিত করবে।

উপকারভোগীদের মধ্যে শিক্ষার্থীদের পাশাপাশি স্কুটার ও ট্যাক্সিচালকও রয়েছেন। কৃত্রিম অঙ্গ তাঁদের দৈনন্দিন চলাফেরা ও জীবিকার কাজে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। তিনি আরও বলেন, আগ্রহীদের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) অথবা এসএমই-সংক্রান্ত কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণের সুযোগ তৈরির চেষ্টা করা হবে।

শিল্প মন্ত্রণালয়ের সচিব ও কেএএফসিওর চেয়ারম্যান আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এম এ মালিক, বিসিআইসির চেয়ারম্যান বাবুল মিঞা, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনসহ স্থানীয় রাজনৈতিক ও সরকারি কর্মকর্তারা।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, অনুদানপ্রাপ্ত ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments