নিজস্ব প্রতিনিধি:
গাজীপুরের শালনায় পোশাকশ্রমিকদের আন্দোলন ও সড়ক অবরোধ চলাকালে হামলায় আহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তিন কর্মকর্তা ও ছয় সদস্যকে দেখতে হাসপাতালে গেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
শনিবার তিনি আনসার-ভিডিপি হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন, তাঁদের সঙ্গে কথা বলেন এবং মনোবল বাড়াতে সাহস জোগান। আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গাজীপুরের শিল্পকারখানা, জনজীবন ও মহাসড়কের নিরাপত্তায় বর্তমানে আনসার ব্যাটালিয়নের ১৯টি প্লাটুন দায়িত্ব পালন করছে। গত ২৫ নভেম্বর দায়িত্ব পালনকালে আনসার সদস্যদের ওপর আকস্মিক হামলার পর আহতদের আনসার-ভিডিপি হাসপাতালে নেওয়া হয়। মহাপরিচালকের নির্দেশনায় অতিরিক্ত মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে হাসপাতালে গিয়ে চিকিৎসার বিষয়টি তদারকি করেন।
হামলায় আহত কর্মকর্তারা হলেন সার্কেল অ্যাডজুট্যান্ট সুকুমার, রনি ও আরাফাত। আহত সদস্যরা হলেন হাবিলদার শুকুর মাহমুদ, নায়েক আবদুর রহিম, নায়েক শাহাদাৎ হোসেন, ল্যান্স নায়েক আবদুল হান্নান, সিপাহি মহসিন ও সিপাহি মাসুম শেখ। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।
হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মহাপরিচালক বলেন, সালনা এলাকায় দায়িত্ব পালনরত আনসার ব্যাটালিয়ন ও পুলিশ সদস্যদের ওপর সহস্রাধিক দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়। এ সময় দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে সুরক্ষা দিতে আনসার সদস্যরা নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করেন এবং আঘাত সহ্য করেন।
তিনি আরও বলেন, একটি দোকানে আশ্রয় নেওয়ার সময়ও তাঁদের ওপর গরম পানি নিক্ষেপসহ বিভিন্নভাবে হামলা চালানো হয়। বিপুলসংখ্যক শ্রমিকের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে আনসার সদস্যরা ধৈর্য ও পেশাদারত্বের পরিচয় দিয়েছেন।
মহাপরিচালক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে বিজিবি ও পুলিশসহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে অতিরিক্ত সদস্য পাঠানো হয়। পরে মহাসড়কের প্রতিবন্ধকতা সরিয়ে জনজীবন স্বাভাবিক করা হয়। হামলার ঘটনায় প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আহতদের চিকিৎসার অগ্রগতি নিয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন মহাপরিচালক। প্রয়োজনীয় ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা ও নিবিড় পরিচর্যা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। আহত সবাই আশঙ্কামুক্ত রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।
মহাপরিচালক আশা প্রকাশ করেন, আহত সদস্যরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। প্রতিকূল পরিস্থিতিতেও তাঁদের দায়িত্ব পালন ও সাহসিকতা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় আনসার ব্যাটালিয়নের ভূমিকা আরও শক্তিশালী করবে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দায়িত্ব পালনকালে আহত সদস্যদের চিকিৎসা, কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করতে বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।



