নিজস্ব প্রতিনিধি:
অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে সেপ্টেম্বর মাসে নির্ধারিত দামেই চলতি মাসে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন বিক্রি হবে।
বুধবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়। নতুন এ মূল্যহার ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি হবে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়। ওই সিদ্ধান্ত ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়। তখন ডিজেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বাড়িয়ে ১১৫ টাকা থেকে ১৩৫ টাকা করা হয়।
একইভাবে অকটেনের দাম ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং কেরোসিনের দাম ১৩৫ টাকা থেকে বেড়ে ১৫৫ টাকা নির্ধারণ করা হয়।
সেপ্টেম্বরে নির্ধারিত এসব মূল্যহারই অক্টোবর মাসে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


