Homeবিবিধঅপরাধজি এম কাদেরের বাসায় ইট-পাটকেল নিক্ষেপ, ঘটনাস্থলে পুলিশ

জি এম কাদেরের বাসায় ইট-পাটকেল নিক্ষেপ, ঘটনাস্থলে পুলিশ

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য।

তিনি জানান, উত্তরা ৭ নম্বর সেক্টরে জি এম কাদেরের বাসভবনে একদল লোক হামলা চালিয়েছে। খবর পেয়ে পুলিশকে জানানো হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসেছেন।

সোমবার বেলা ১১টা ৪৯ মিনিটে দেওয়া এক বার্তায় শৌর্য দীপ্ত সূর্য বলেন, ওই দিন সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে একদল লোক জি এম কাদেরের বাসভবনে হামলা করে। এ ঘটনায় জাতীয় পার্টির পরবর্তী করণীয় পরে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, এক থেকে দেড়শ লোক সেখানে এসে হামলা চালায়। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। ঘটনার বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

প্রকাশিত কয়েকটি ভিডিওতে ‘বৈষম্যবিরোধী সাধারণ জনগণ’ লেখা ব্যানার নিয়ে একদল লোককে জি এম কাদেরের বাসভবনের দিকে ইট নিক্ষেপ করতে দেখা যায়। এ সময় তাদের ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’ ও ‘ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। ব্যানারে জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিও লেখা ছিল।

এদিকে, উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

ঘটনার সময় জি এম কাদের বাসার ভেতরে ছিলেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তবে হামলায় কেউ আহত হয়েছেন কি না বা বাসভবনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments