Homeবিবিধঅপরাধকুমিল্লায় আইসক্রিমের প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

কুমিল্লায় আইসক্রিমের প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মুদি দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে চান্দিনা থানা পুলিশ। পরে এ ঘটনায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তির নাম কামরুজ্জামান সোহেল (৪৫)। তিনি চান্দিনা উপজেলার ইন্দ্রারচর গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে এবং স্থানীয়ভাবে মুদি দোকান পরিচালনা করেন।

পুলিশ ও শিশুটির পরিবারের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সকালে শিশুটি অভিযুক্তের দোকানে যায়। এ সময় আইসক্রিম খাওয়ানোর কথা বলে তাকে প্রলুব্ধ করা হয়। পরে দোকানের ভেতরে শিশুটির সঙ্গে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে বলে অভিযোগ পরিবারের।

ঘটনার পর শিশুটি বাড়িতে ফিরে কান্না করতে থাকলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে তারা স্থানীয় কয়েকজনের কাছে বিষয়টি জানান। সেখানে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না হওয়ায় সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হয়।

এরপর স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও শিশুদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

শিশুটির নিরাপত্তা ও মানসিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের পর ঘটনার সঙ্গে জড়িত বিষয়গুলো যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments