Homeজাতীয়প্রধানমন্ত্রীর বাসভবনের ছাদ থেকে জাতীয় গ্রিডে গেল ১২০০ ইউনিট সৌরবিদ্যুৎ

প্রধানমন্ত্রীর বাসভবনের ছাদ থেকে জাতীয় গ্রিডে গেল ১২০০ ইউনিট সৌরবিদ্যুৎ

নিজস্ব প্রতিনিধি:

সরকারি ও জাতীয় গুরুত্বপূর্ণ ভবনের ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহারের উদ্যোগের কথা জানিয়েছে সরকার। এরই অংশ হিসেবে রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের একটি অংশ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি জানান, গত তিন দিনে প্রধানমন্ত্রীর বাসভবনের সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের মধ্যে ১ হাজার ইউনিট নিজস্ব কাজে ব্যবহার করা হয়েছে। একই সময়ে ১ হাজার ২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া হয়েছে।

শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের সমবায় ভবনে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ডিডি (এলজি)-দের অংশগ্রহণে আয়োজিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’য় এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, দেশের জাতীয় ও সরকারি ভবনগুলোর ছাদকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিধি বাড়ানো হবে। এসব ভবনে উৎপাদিত বিদ্যুতের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, সমবায় ভবনসহ জাতীয় গুরুত্বপূর্ণ সব ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে। সরকারের পক্ষ থেকে এসব স্থানে সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিদ্যুৎ উৎপাদনের বিষয়টিকে শুধু সরকারি ব্যয় হিসেবে না দেখে ব্যবসায়িক কার্যক্রম হিসেবেও বিবেচনা করা যেতে পারে। সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করে আর্থিক সুবিধা নেওয়ার সুযোগ রয়েছে।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments