আন্তর্জাতিক ডেস্ক:
শুটিংয়ের জন্য ইন্দোনেশিয়ার বালিতে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়া বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচাকে উন্নত চিকিৎসার জন্য মুম্বাই নেওয়া হয়েছে। দুর্ঘটনায় তার মেরুদণ্ডে ফ্র্যাকচার হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মুম্বাইয়ে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে।
নুসরাত বালিতে গিয়েছিলেন একটি পেশাগত কাজের জন্য। কাজের পাশাপাশি সেখানে আরও কিছুদিন থাকার পরিকল্পনা ছিল তার। এর মধ্যেই দুর্ঘটনার শিকার হন অভিনেত্রী। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়।
শুরুতে দুর্ঘটনার খবর প্রকাশ পেলেও আঘাতের ধরন সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। পরে নুসরাতের প্রচার দলের পক্ষ থেকে জানানো হয়, তার মেরুদণ্ডে ফ্র্যাকচার হয়েছে। চিকিৎসকদের মূল্যায়নের পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এরপর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বালি থেকে মুম্বাই ফিরিয়ে আনা হয়। মুম্বাই পৌঁছানোর পর তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়ার ভিডিও প্রকাশ্যে এসেছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে তার দলের পক্ষ থেকে বিস্তারিত কোনো নতুন তথ্য জানানো হয়নি। দলটি নুসরাতের চিকিৎসা ও সুস্থতার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি তার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে।
তার প্রচার দলের বিবৃতিতে বলা হয়েছে, অস্ত্রোপচারের পর নুসরাতের বিশ্রাম ও পুনরুদ্ধারের জন্য সময় প্রয়োজন হবে। ফলে আগামী কয়েক সপ্তাহ তার কাজের সূচিতে প্রভাব পড়তে পারে।
এদিকে নুসরাত ভারুচা বর্তমানে নতুন একটি অ্যাকশন সিনেমার কাজ নিয়েও আলোচনায় রয়েছেন। রেমো ডি’সুজা পরিচালিত সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করছেন টাইগার শ্রফ। এটি দুই অভিনেতার প্রথম একসঙ্গে কাজ।
এর আগে নুসরাতকে সর্বশেষ দেখা গেছে ‘উফফ ইয়ে সিয়াপ্পা’ সিনেমায়। নতুন সিনেমার কাজের মধ্যেই এই দুর্ঘটনা তার শুটিং সূচিতে অনিশ্চয়তা তৈরি করেছে।
নুসরাতের দল জানিয়েছে, চিকিৎসা ও অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার বিষয়ে প্রয়োজন অনুযায়ী পরবর্তী আপডেট জানানো হবে। আপাতত তার সুস্থ হয়ে ওঠাই পরিবারের ও টিমের প্রধান অগ্রাধিকার।


