সিএনএস ডেস্ক:
অমিতাভ বচ্চনের সঙ্গে রূপালী পর্দায় অভিনয় করে দর্শকমনে জায়গা করে নিয়েছিলেন বলিউড অভিনেত্রী পেরিজাদ জোরাবিয়ান। ‘জগার্স পার্ক’ ও ‘এক অজনবি’র মতো ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে নজর কাড়লেও ক্যারিয়ারের মাঝপথেই রূপালি পর্দা থেকে নিজেকে সরিয়ে নেন এই অভিনেত্রী।
ব্যবসায়ী বোমান ইরানিকে বিয়ের পর সংসার ও সন্তানদের পর্যাপ্ত সময় দিতেই তিনি চলচ্চিত্র জগতকে বিদায় জানান। পরবর্তীতে পারিবারিক ব্যবসায়ে যুক্ত হয়ে তৈরি করেন নিজের নতুন এক সফল পরিচয়।
পেরিজাদ তাদের পারিবারিক ব্যবসা ‘জোরাবিয়ান’-এর দায়িত্ব গ্রহণ করার সময় প্রতিষ্ঠানটি চরম আর্থিক সংকটের মধ্যে ছিল। তবে নিজের মেধা, দক্ষতা ও পরিশ্রম দিয়ে তিনি পুরো ব্যবসাটি পুনরায় ঘুরে দাঁড় করান।
বর্তমানে ‘জোরাবিয়ান’ ভারতের অন্যতম শীর্ষস্থানীয় পোলট্রি ও খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একাধিক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির বর্তমান বার্ষিক টার্নওভার প্রায় ১২০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৩.৯৬ কোটি টাকা) এবং এতে কর্মসংস্থান হয়েছে প্রায় ৭০০ কর্মীর।
অভিনয়ে আসার আগে নিউইয়র্ক থেকে এমবিএ সম্পন্ন করেন পেরিজাদ। পরবর্তীতে লি স্ট্র্যাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয়ের প্রশিক্ষণ নিয়ে নাগেশ কুকুনুরের ‘বলিউড কলিং’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন।
কর্মজীবনের শীর্ষে থাকা অবস্থায়ই পরিবারকে অগ্রাধিকার দিতে ‘সালাম-ই-ইশক’ ও ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’-এর মতো বড় বাজেটের সিনেমার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন তিনি। বর্তমানে শোবিজ থেকে দূরে থাকলেও একজন সফল উদ্যোক্তা হিসেবে তার এই অসাধারণ ঘুরে দাঁড়ানোর গল্প প্রায়শই অনুপ্রেরণা যোগায় সামাজিক যোগাযোগমাধ্যমে।


